ক্যাম্পাস
পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম পূর্ণদিবস ধর্মঘটের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের একাধিক একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত অর্ধদিবস শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা এই ধর্মঘটের ডাক দেয়। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ প্লাটফর্মে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কয়েকটি বাম ছাত্রসংগঠনের সংশ্লিষ্টতা দেখা গেছে।
আন্দোলনের অংশ হিসেবে প্রথমে সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেওয়া হয়। পরে কলাভবন ও ব্যবসায় শিক্ষা অনুষদেও তালা লাগানো হয়। আন্দোলনকারীদের দাবি, বিজ্ঞান অনুষদসহ অন্যান্য একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হবে।
এ সময় এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাই। আমরা তাদের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করছি।”
প্লাটফর্মটি শুক্রবার (১৬ মে) পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের সকল প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ধর্মঘট শেষে বিকেল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।