ক্যাম্পাস

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত অন্তত ৯


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত অন্তত ৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, একটি ভবনের দেয়ালে থাকা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। পরবর্তীতে ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লেখা হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কলেজ শাখা ছাত্রদলের এক নেতার শেয়ার করা ভিডিওকে ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য ও উত্তেজনা বাড়তে থাকে।

এরই জেরে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে ছাত্রদল ও শিবির—দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি বলেন, ‘কলেজে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়। এরপর শিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের গালাগাল করে পোস্ট দেয় এবং উসকানি ছড়ায়। এ নিয়ে পাল্টাপাল্টি লেখা চলছিল। সকালে ক্যাম্পাসে এসে যারা গালগাল করছিল, তাদের সঙ্গে কথা বলতে গেলে শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আমাদের চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা তাদের প্রতিহত করেছি।’

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘সরকারি সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। ক্লাস ও পরীক্ষা দিতে আসা ছাত্রশিবিরের কর্মীরা অপ্রস্তুত অবস্থায় হামলার শিকার হন। এতে শিবিরের ৫ জন আহত হয়েছেন।’

কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিন নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।