রাজধানী

গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩:১৩ পিএম

গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন
ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) দুপুরে মিছিলটি আয়োজন করা হয়। তবে দ্রুতই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলিস্তানে হঠাৎ করে মিছিলের চেষ্টা চালালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ মে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারায়। জাতিসংঘের তথ্যমতে, ওই সময়কার সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় প্রায় ১,৪০০ জন নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন, কেউ কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি।

দলের শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।