রাজধানী

শপথ কেবল ফরমালিটি, ঢাকাবাসীর পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:৩৭ এএম

শপথ কেবল ফরমালিটি, ঢাকাবাসীর পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

“শপথ কেবল একটা ফরমালিটি”—এমন মন্তব্য করে ঢাকার ‘জনতার মেয়র’ হিসেবে নিজেকে অভিহিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোরবানির ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে চান তিনি।

ইশরাক লেখেন, “আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।” দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাবেক কাউন্সিলর ও নির্বাচনী প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক মনিটরিং টিম গঠনের কথাও জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করারও অঙ্গীকার করেন।

এর আগে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন। এ রায়ের ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে এবং শপথ গ্রহণের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়। কিন্তু দীর্ঘ সময়েও শপথ গ্রহণের ব্যবস্থা না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট স্থগিত চেয়ে করা রিটটি হাইকোর্ট বৃহস্পতিবার খারিজ করে দেয়। ফলে, মেয়র হিসেবে ইশরাকের দায়িত্ব গ্রহণের পথে আর কোনো আইনি বাধা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।