অর্থনীতি

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক হ্রাস করল এনবিআর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক হ্রাস করল এনবিআর
ছবি: সংগৃহীত

সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য বজায় রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।

একই সঙ্গে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, তা নিশ্চিত করতে এনবিআর একটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এতে সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে উপকরণ আমদানির বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

দুটি প্রজ্ঞাপনের ফলে মোবাইল ফোন ও সংযোজনের খাতে দাম হ্রাসের প্রভাব দেখা দেবে-

- ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা কমবে।

- ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১,৫০০ টাকা কমবে।

সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সকল ধরনের মোবাইল ফোন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। ফলে দেশের নাগরিকরা ডিজিটাল সেবা গ্রহণে আরও সহজতর সুবিধা পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।