শিক্ষা

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী ১৭ ডিসেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৬:৩৭ এএম

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী ১৭ ডিসেম্বর
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী আগামী ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্‌যাপন করা হবে। গত শনিবার ঢাবির মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, ট্রেজারার শামসুল হক প্রমুখ।

ফারুক আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উদ্‌যাপন আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় ইভেন্টের সমন্বয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির কথা বিবেচনায় রেখে 'বাংলাদেশে ব্যক্তি উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা পর্ব রাখা হয়েছে। এছাড়া থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ভারতীয় জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও তার দল গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।

রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান। সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার থাকবেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শিদ।

কেএফ/