শিক্ষা

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৪৫ এএম

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা যথাযথভাবে নিশ্চিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম অদক্ষ হয়ে সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে—এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (৪ মে) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা যদি পরিপূর্ণ না হয়, তবে অদক্ষ লোক তৈরি হবে। তারা সমাজে বোঝা হয়ে দাঁড়াবে। প্রাথমিক শিক্ষা উন্নত করতে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।”

সভায় উপদেষ্টা আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় শিশুদের শেখার অগ্রগতির দিকে নজর দিতে হবে। যদি কোনো বিদ্যালয়ের শিক্ষার মান খারাপ হয়, তবে সেই স্কুলের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. বিধান রঞ্জন বলেন, “প্রাথমিকে কী শেখানো হবে, তা নির্ধারিত কারিকুলামের ভিত্তিতে চলে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান—সবাইকে এটি অনুসরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন ও তদারকির জন্য নীতিমালা রয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন।”

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর ইউএনও জামশেদ আলম রানা, রায়পুর ইউএনও ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা বিধান রঞ্জন রায় ‘কাকলী শিশু অঙ্গন’ পরিদর্শন করেন এবং সেখানে ‘শিশু কানন’ উদ্বোধন করেন।