শিক্ষা
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তবে উপাচার্য জানান, আনুষ্ঠানিকভাবে এখনো তিনি পদত্যাগপত্র জমা দেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে এই ঘোষণা এলো।
সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি ডেপুটেশন থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল দায়িত্ব—উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান। একই সঙ্গে তিনি দায়িত্ব ছাড়ার আগ্রহ প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে নির্বাচিত সরকারের অনুরোধে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন বলেও জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।