বিনোদন
বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন সামান্থা!
বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন একা ছিলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ারে মনোযোগ দিয়েছিলেন তিনি। তবে অবশেষে সামান্থার জীবনে আবারও প্রেমের ছোঁয়া লেগেছে—এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।
সামান্থার জীবনের নতুন এই মানুষটি আর কেউ নন, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন সামান্থা, যেখানে একটি ছবিতে রাজের কাঁধে মাথা রাখা অবস্থায় দেখা যায় তাকে। সেই ছবিই নেট দুনিয়ায় জল্পনা ছড়িয়েছে—নতুন প্রেমেই মজেছেন অভিনেত্রী।

জানা গেছে, রাজ নিদিমরু ও সামান্থার ঘনিষ্ঠতা বাড়ে ‘সিটাডেল: হানি বানি’ প্রজেক্টে কাজ করতে গিয়ে। যদিও এখনো কেউ তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুজনই একসঙ্গে বসবাসের পরিকল্পনা করছেন। অর্থাৎ, এখনই বিয়ে নয়, আপাতত লিভ-ইনে যাওয়ার দিকেই এগোচ্ছে সম্পর্ক।
প্রসঙ্গত, রাজ নিদিমরু ২০১৫ সালে পরিচালক শ্যামলী দে-কে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক টিকেছে সাত বছর। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরই রাজ ও সামান্থার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এদিকে রাজ ও সামান্থার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর সাবেক স্ত্রী শ্যামলী এক আবেগঘন পোস্টে দুজনকে শুভকামনা জানিয়েছেন। তবে সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।