বিনোদন
বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন
বলিউডের প্রিয় মুখ, অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর খবরটি শনিবার (২৪ মে) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান বন্ধু ও সহকর্মী অভিনেতা মনোজ বাজপেয়ী।
হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণী ছবির পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয় ছিলেন মুকুল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং শেষ কদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
মুকুলের মৃত্যুতে শোক জানিয়ে মনোজ বাজপেয়ী এক আবেগঘন বার্তায় বলেন, "মুকুল আমার আত্মার ভাই ছিল। ওর উষ্ণতা, আবেগ, শিল্পীসত্তা—সব কিছুই ছিল অনন্য। খুব অল্প বয়সে চলে গেল। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমার কষ্ট। ওর পরিবারের প্রতি আমার প্রার্থনা রইল। মিস ইউ মেরি জান... যতক্ষণ না আবার দেখা হচ্ছে, ওম শান্তি।"
অভিনেতা বিন্দু দারা সিং ইন্ডিয়া টুডে-কে জানান, "মুকুলের মৃত্যুর খবর শোনাটা হৃদয়বিদারক। বাবা-মায়ের মৃত্যুর পর সে একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছিল। কারও সঙ্গে যোগাযোগ রাখত না। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়, আর তাতেই শেষ হয়ে গেল সব।"
অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, "সে কখনোই নিজের অসুস্থতার কথা বলত না। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পেলাম, তখন থেকেই ওর নম্বরে ফোন করে যাচ্ছি... ভাবছিলাম যদি ধরেই ফেলে!"
মুকুল দেবের জন্ম ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর, এক পাঞ্জাবি পরিবারে। অভিনয় জীবন শুরু করেন ১৯৯৬ সালে টিভি সিরিজ ‘মুমকিন’ দিয়ে। একই বছর ‘দাস্তাক’ ছবিতে সুস্মিতা সেনের বিপরীতে বলিউডে পা রাখেন। এরপর ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার’, ‘আর... রাজকুমার’, ‘ডন’ ও ‘জয় হো’-সহ বহু হিট ছবিতে অভিনয় করেন।
তিনি বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন—‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিতে জিৎ-এর সঙ্গে পর্দা ভাগ করেছেন। এছাড়া, দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন থেকে বিমানচালনার প্রশিক্ষণও নিয়েছিলেন।
প্রসঙ্গত, মুকুল দেব ছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।