বিনোদন
সালমানের বাংলোতে ঢুকতে লাগবে পরিচয়পত্র, ছাড় পাবেন না তারকারাও
বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সম্প্রতি তার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ দুই অনুপ্রবেশকারীর প্রবেশের চেষ্টার পর এবার পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। এখন থেকে সালমান খানের বাসায় প্রবেশের জন্য প্রয়োজন হবে বৈধ পরিচয়পত্র, আর এই নিয়মে ছাড় পাচ্ছেন না বলিউডের তারকারাও।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি পরপর দুই দিন ভাইজানের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা হয়। সোমবার এক নারী ভক্ত, ৩২ বছর বয়সী ইশা ছাবড়া, ভোরবেলায় বাসভবনে ঢুকে পড়েন। তবে লিফটের কাছে নিরাপত্তাকর্মীরা তাকে আটকে ফেলেন এবং পরে তাকে বান্দ্রা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর পরদিন, মঙ্গলবার সকালে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। এবার অভিযুক্ত ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং। তাকেও গ্যালাক্সিতে ঢোকার চেষ্টার সময় দ্রুত ধরে ফেলে সালমানের নিরাপত্তা টিম।
গত বছর সালমান খানের বাসার জানালার দিকে গুলি ছোড়ার পর থেকেই তার নিরাপত্তা জোরদার করা হয়। সেই ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তারপর থেকে তার প্রতি একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে।
এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সালমান খানের বাসায় আগত অতিথিদের অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে, সেটা বলিউড তারকা হলেও। পুলিশ বলছে, “নিরাপত্তা ঝুঁকি যেভাবে বাড়ছে, তাতে এই কড়াকড়ি ছাড়া উপায় নেই।”
পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।