বিনোদন
বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে: মেহজাবীন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে যেন একের পর এক শুভক্ষণ ধরা দিচ্ছে। বছরের শুরুতে দীর্ঘ ১৩ বছরের প্রেম শেষে পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের পর থেকেই যেন ভাগ্য তার প্রতি মুখ তুলে হাসছে—এমনটাই বললেন নিজেই।
সম্প্রতি মেহজাবীন অভিনীত চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ দেশ-বিদেশের নানা উৎসবে প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে এই ছবি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। এরপর লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবেও দর্শক পুরস্কার পায় ছবিটি।

সাফল্যের এই ধারাবাহিকতায় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এও বাজিমাত করেছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের জন্য একসঙ্গে দুটি বিভাগে—সমালোচক ও তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়েছেন তিনি। একই ছবিটি পেয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কারও।
পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে নিজের আবেগ লুকাতে পারেননি এই তারকা। জানালেন, “বিয়ের পর মনে হচ্ছে আমার ভাগ্য খুলে গেছে।”

তবে এই আনন্দঘন মুহূর্তে পাশে না থাকায় মিস করেছেন জীবনসঙ্গী আদনান আল রাজীবকে, যিনি বর্তমানে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত ছবি ‘আলী’র প্রদর্শনী নিয়ে ব্যস্ত।
পুরস্কার হাতে নিয়ে মেহজাবীন আরও বলেন, “দেশে আরও বেশি নারীপ্রধান চরিত্রের সিনেমা বানানো উচিত। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা জানাই।”