বিনোদন

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ব্যক্তিগত জীবনে পেয়েছেন নতুন আনন্দের খবর, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি এই সুখবরটি শেয়ার করেন।

অপূর্ব জানান, তাদের নবজাতক কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে বৃহস্পতিবার রাতে সন্তান জন্ম দেন তার স্ত্রী শাম্মা দেওয়ান। সন্তানের জন্মের সময় অপূর্বও দেশে ছিলেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ! আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের সুন্দরী কন্যা পৃথিবীতে এসেছে। স্বাগতম, প্রিয় আনায়া!”

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আপনাদের প্রার্থনা কামনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।”

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

অপূর্ব ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। এর আগে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন তিনি; ২০২০ সালে সেই সংসার ভেঙে যায়। প্রথম সংসারে অপূর্বর একটি ছেলে রয়েছে- জায়ান ফারুক আয়াশ।