বিনোদন

২৪ ডিসেম্বর আসছে ইমন-মমর ‘আগামীকাল’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩ এএম

২৪ ডিসেম্বর আসছে ইমন-মমর ‘আগামীকাল’

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। ‘আগামীকাল’ শিরোনামের এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। সিনেমাটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও করোনার কারণে এতদিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াই আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, সিনেমাটির নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও করোনার জন্য মুক্তি দিতে পারেনি। এরই মধ্যে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাওয়া শুরু করেছে। তাই ‘আগামীকাল’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে৷ আশা করছি, দীর্ঘ বিরতির পর দর্শক পরিবার নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করবেন।

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় সিনেমাটি গত বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে থমকে যায়। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমাটিতে ইমন-মম ছাড়াও আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপন প্রমুখ।

ইমন বলেন, ‘২০০৭ “দারুচিনি দ্বীপ” ছবিতে আমি আর মম এক সঙ্গে কাজ করেছিলাম। ওই ছবি দিয়েই আমাদের দুজনের সিনেমায় অভিষেক। এরপর আর কাজ হয়নি। এ জন্য “আগামীকাল” ছবিটি নিয়ে দুজনের অন্য রকমের একটা ভালো লাগা আছে। দর্শকেরাও অনেক দিন পর পর্দায় আমাদের দুজনকে এক সঙ্গে পাবেন।’