বিনোদন
ঢাকায় আজ মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। যার জন্য একদিন আগে ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছেছেন এই গায়ক।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
কনসার্টে আতিফ ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।
বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।