পরিবেশ-জলবায়ু

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:৩০ পিএম

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে আঘাত হানবে কবে?
প্রতীকী ছবি

প্রচণ্ড তাপপ্রবাহে দগ্ধ জনজীবনের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনায় বাড়ছে নতুন শঙ্কা। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে—যার সম্ভাব্য নাম ‘শক্তি’। এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়টি নিয়ে পূর্বাভাস দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ২৩ থেকে ২৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৪ থেকে ২৬ মে-র মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে।

তার পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য ঘূর্ণিঝড় ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণপূর্ব মৌসুমি বায়ু ইতোমধ্যে বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে অগ্রসর হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ বলছে, এখনো পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আরও আগে জানিয়েছিল, ১৬ থেকে ১৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি আবহাওয়াগত সার্কুলেশন তৈরি হতে পারে, যা পর্যায়ক্রমে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আবহাওয়া বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, ঘূর্ণিঝড় ‘শক্তি’ যদি সত্যিই সৃষ্টি হয়, তবে তা মে মাসের তৃতীয় সপ্তাহের শেষে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পূর্বাঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।