স্বাস্থ্য

হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের সংক্রমণ প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে

সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ সেবা পাওয়া যাবে।

কর্মসূচিটি ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই টিকাদান কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ শুরু হয়েছে ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় এই ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত চালু থাকবে।

এদিকে, যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। সুস্থ হওয়ার পর নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।