সারাবিশ্ব
জেন-জি বিক্ষোভে আরেক দেশে সরকার পতন
পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন-জি আন্দোলনের তরুণ প্রজন্মের বিক্ষোভের কারণে সরকার পতনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি ঘোষণা দেন, তার সরকার ভেঙে দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি ও আলজাজিরা।
বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের মতো মাদাগাস্কারের তরুণ প্রজন্মও জেন-জির আন্দোলনের প্রভাবেই রাস্তায় নেমেছে। প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনসাধারণের ক্ষোভ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “যদি আমাদের সরকারের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।” তিনি অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ সমস্যার কারণে সৃষ্ট অসন্তোষে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ হলেও তা ক্রমেই সহিংসতায় রূপ নেয়। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে সরকারের পদত্যাগের দাবি জানান। রাজধানী আন্তানানারিভোতে পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং প্রাণঘাতি গুলি ব্যবহার করেছে। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রত্যাখ্যান করেছে এবং বিক্ষোভ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে। তারা দেশবাসীর কাছে শাস্তিযোগ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এ বিক্ষোভ দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারের বিরুদ্ধে আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণদের নেতৃত্বে জেন-জি আন্দোলন যে কতটা শক্তিশালী, তা মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাই প্রমাণ করছে।