সারাবিশ্ব

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:৪১ এএম

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি আলোচনা উপেক্ষা করে ইসরায়েল ফের চালিয়েছে ভয়াবহ হামলা। এতে আরও অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। হামলার সময় দোহায় কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসে ছিল ইসরায়েলি প্রতিনিধিদল।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোর থেকে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় চালানো হামলায় প্রাণ গেছে অন্তত ৫০ জনের। দক্ষিণের খান ইউনিস শহরে নিহত হয়েছেন আরও ১০ জন। বাকি প্রাণহানি হয়েছে গাজার অন্যান্য অঞ্চলে।

উদ্ধারকাজ চালানো স্বেচ্ছাসেবীরা জানান, জাবালিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের মরদেহ বের করতে তারা মোবাইলের আলো ব্যবহার করছেন। কংক্রিটের চাঁই সরিয়ে মরদেহ উদ্ধারের এই চিত্র আরও একবার গাজার ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে।

মধ্য গাজার দেইর এল-বালাহ শহর থেকে আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আযুম জানান, ইসরায়েল লক্ষ্যভেদী বিমান হামলা চালাচ্ছে এবং মূলত আবাসিক এলাকাকেই নিশানা করা হচ্ছে। তার মতে, ইসরায়েল পরিকল্পিতভাবে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করছে যাতে তারা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়।

এই হামলার মধ্যেই একটি যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশ পুনরায় শুরু করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তবে এরইমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি হলেও গাজায় সামরিক অভিযান চলবে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত মানবিক সহায়তা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ। তারা ইসরায়েলের প্রতি গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড ইসরায়েলকে ত্রাণ প্রবেশে সহযোগিতা করতে বললেও চীনের প্রতিনিধি ফু কং এটিকে মানবিক সহায়তাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর নিন্দা জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজার অবকাঠামোর বড় একটি অংশ, বাস্তুচ্যুত হয়েছে জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।