সারাবিশ্ব

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৪:০৪ পিএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও ঘটল প্রাণঘাতী বন্দুকযুদ্ধের ঘটনা। সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমনে চলমান ‘অপারেশন কিলার’-এর অংশ হিসেবে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে তিন জন সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) প্রথমে কুলগাম জেলায় শুরু হয় গোলাগুলি। পরে বিচ্ছিন্নতাবাদীরা পিছু হটে শোপিয়ানের একটি ঘন বনাঞ্চলে আশ্রয় নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা গুলি বিনিময়ের পর তিনজন নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, "শোপিয়ান জেলার শুকাল কেল্লে এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে সেনারা ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তীব্র গোলাগুলিতে জড়িয়ে পড়ে। অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।"

এই গোলাগুলির ঘটনা এমন সময় ঘটল যখন কাশ্মীর উপত্যকায় কিছুদিন আগেই পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এরপর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে ভারতের পাল্টা হামলা ঘিরে দুই দেশের মধ্যে চার দিনের টানা উত্তেজনা চলে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সাময়িক অস্ত্রবিরতি কার্যকর করা হয়।