সারাবিশ্ব

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:২৬ এএম

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে কারাগার থেকেই দেশবাসীকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা যাবে না।” একইসঙ্গে সতর্ক করে দেন যে, “মোদী প্রতিশোধ নিতে পারেন” এবং পাকিস্তানকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করে বেরিয়ে তার বোন আলিমা খান এ বার্তা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এরপর সাবেক প্রধানমন্ত্রীর বার্তাটি প্রকাশ করা হয় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। তবে কারাবন্দি থাকায় ইমরান সরাসরি এক্স হ্যান্ডলটি পরিচালনা করতে পারছেন না।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রস্তুতি জরুরি। পাকিস্তানকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ মোদী প্রতিশোধ নেবেনই।”

সাবেক এই প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার-এ কথা আমি সবসময় বলে এসেছি। আমাদের বীর সেনারা আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”

ভারতের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ইমরান খান বলেন, “ভারত সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে বহু সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান বিমান বাহিনী (পিএএএফ) অসাধারণ দক্ষতায় জবাব দিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী কারাগারে থাকলেও তার রাজনৈতিক অবস্থান ও বার্তাগুলোর মাধ্যমে প্রমাণ করছেন, তিনি এখনো দেশ ও জাতির স্বার্থে সক্রিয় এবং সতর্ক।