সারাবিশ্ব
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে।
দুপুর ১টা ১৭ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট AI-171 আহমেদাবাদ ছাড়ে। এতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন পাইলট ও ১০ কেবিন ক্রু সদস্য অন্তর্ভুক্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছেই নিয়ন্ত্রণ হারায় এবং মেঘানিনগর এলাকার একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলেও সংস্থাটি জানিয়েছে।
#NDTVExclusive | The moment when London-bound Air India flight crashed in Ahemdabad pic.twitter.com/84ezILYgPo
— NDTV (@ndtv) June 12, 2025