আইন আদালত
ছিন্নমূল শিশুহত্যা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি হাইকোর্টে খালাস
ছিন্নমূল এক শিশুকে হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এই রায় দেন।
গাজীপুরে ভাওয়ালের শালবনের ওই হত্যার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় দেন উচ্চ আদালত। রায়ে মামলায় পুলিশ সদস্যরা কেন সাক্ষী দেননি, সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এই মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু হত্যার ওই ঘটনায় ২০১৬ সালের ২১ মার্চ দুই আসামি মো. আনোয়ার হোসেন ওরফে শংকর চন্দ্র দেবনাথ ও মো. জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম।
এরপর নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। অন্যদিকে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করে আসামিপক্ষ।
মামলাসূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ এপ্রিল রাজধানীর শাজাহানপুর ওভারব্রিজের নিচ থেকে স্থানীয় জনতা একটি ব্যাগসহ শংকর ও জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ব্যাগে শিশুর কাটা মাথা জব্দ করে পুলিশ। রেলওয়ে পুলিশ মামলাটি তদন্ত করে এই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
এমএ/
আইন আদালত নিয়ে আরও পড়ুন