আইন আদালত

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:৩৫ এএম

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
খোন্দকার দিলীরুজ্জামান। ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিচারপতি দিলীরুজ্জামানকে ২১ মে তারিখ থেকে অপসারণ করা হয়েছে।

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর ২০২০ সালের ৩০ মে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো কোনো হাইকোর্ট বিচারপতি অপসারণের ঘটনা ঘটল। এর আগে বিচারপতি খিজির হায়াতকেও একই ধারায় অপসারণ করা হয়। ২০২৪ সালের মার্চে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে অপসারণের ক্ষমতা রাখেন।