আইন আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির
ছবি: সংগৃহীত

জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। এই মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রধান আসামি ছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এই মামলায় আসামি হিসেবে ছিলেন। তবে স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় রয়েছেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের হাজিরা এই মামলার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাবলীর দায়িত্বর বিষয়টি চূড়ান্ত রূপ পাবে।