জাতীয়

সব কাজে গতি এনেছে ডিজিটাইজেশন: চিফ হুইপ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০১:১৩ এএম

সব কাজে গতি এনেছে ডিজিটাইজেশন: চিফ হুইপ

বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, দাপ্তরিক কাজকর্ম ও যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাইজেশন গতি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

চিফ হুইপ বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো, না শেখ হাসিনার জন্ম না হলে এত দ্রুত সময়ে ডিজিটাল বাংলাদেশ তৈরি হতো না।

রোববার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্যপ্রযুক্তির বিকাশের মাধ্যমে দ্রুত গতিতে দেশজুড়ে প্রসার হচ্ছে ডিজিটাল সেবা। শহর থেকে শুরু করে দুর্গম প্রান্তিক এলাকায় জনসাধারণের জীবনেও লেগেছে ডিজিটাল স্পর্শ। প্রযুক্তির কল্যাণে গ্রাম-শহরের দূরত্ব কমেছে যার ফলে সবাই এর সুফল ভোগ করছেন।

এসময় তিনি বাংলাদেশের এ ডিজিটাল বিপ্লবের ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব বক্তৃতা করেন।

এরপর তিনি পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে মানিকমিয়া এভিনিউ থেকে শোভাযাত্রাটি খামারবাড়ি মোড়ে এসে শেষ হয়।

এসএম/এসএন