জাতীয়

সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ এএম

সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে
ছবি : সংগৃহীত

আগামী তিন দিন রাতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

গতকাল শনিবার (১১ ডিসেম্বর) কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে।

টিটি/