জাতীয়
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়।”
বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর নিয়ে আগে শুধু লেখালেখি করেছি। এবার সরেজমিনে দেখে কাজ শুরু করার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রথম দিন থেকেই চেষ্টা করছি চট্টগ্রাম বন্দরের কাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলার।”
বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিদেশি অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন ড. ইউনূস। তিনি জানান, এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামে পৌঁছান ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।