জাতীয়
রোববার যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রোববার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা এলাকায় তার সরকারি বাসভবনে।
সূত্র জানায়, সম্প্রতি দেশে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী পালাবদলের প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। অভ্যুত্থানের প্রতি সমর্থন জানানো রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’ জানিয়েছে, তারা বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বৈঠকের কথা জানানো হয়েছে। সময় এখনো নিশ্চিত করা হয়নি, তবে বিকালে হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এদিকে আজ বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধি দল এবং রাত ৮টায় জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধিরা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।