রাজনীতি

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণ এবং চিকিৎসাসেবা স্বাভাবিক করতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১ এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি পুনঃপ্রতিষ্ঠা ও চিকিৎসাসেবা পুনরায় স্বাভাবিক করতে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়োজন হলে ভবিষ্যতেও জামায়াতে ইসলামী আরও সহযোগিতা করবে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনের সময় তিনি হামলায় ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমীর। তিনি অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড যাতে আর কোথাও ঘটতে না পারে, সে জন্য সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো দুর্বৃত্ত যেন আইন নিজের হাতে তুলে নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও সম্পদের ওপর হামলা চালাতে না পারে, সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটিতে সংস্কারকাজ শুরু হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতের পাশাপাশি প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ডও পুনরায় স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হওয়ায় ধীরে ধীরে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র হওয়ায় দ্রুত এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত আর্থিক সহায়তা পুনর্নির্মাণকাজকে কতটা এগিয়ে নিতে পারে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।