প্রবাস

বাংলাদেশিদের জন্য কম খরচে আমিরাতের গোল্ডেন ভিসা!


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

বাংলাদেশিদের জন্য কম খরচে আমিরাতের গোল্ডেন ভিসা!
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে স্থায়ীভাবে বসবাসের এক নতুন দুয়ার খুলে দিয়েছে দেশটি। এতদিন যেখানে গোল্ডেন ভিসা পেতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রয়োজন হতো, সেখানে এখন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা তুলনামূলকভাবে খুব কম খরচেই এই মর্যাদাপূর্ণ ভিসা লাভের সুযোগ পাচ্ছেন।

এর আগে আমিরাতে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করতে হতো— বিশেষ করে সম্পত্তি বা ব্যবসায়। তবে এবার ‘মনোনয়ন-ভিত্তিক’ একটি নতুন গোল্ডেন ভিসা চালু করেছে দেশটি, যার আওতায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি প্রদান করে এই ভিসা লাভ করতে পারবেন। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

নতুন এই ভিসা পদ্ধতিতে আবেদনকারীদের কোনো বড় অংকের বিনিয়োগ করতে হবে না। তবে ভিসা প্রদানের আগে প্রার্থীর ব্যক্তিগত ও সামাজিক প্রোফাইল যাচাই করা হবে। যাচাইয়ের মধ্যে থাকবে আবেদনকারীর অতীত অপরাধ রেকর্ড, অর্থপাচারের সংশ্লিষ্টতা, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যক্রমও।

গোল্ডেন ভিসার সুবিধাসমূহ: এই মনোনয়ন-ভিত্তিক ভিসা সম্পত্তি-নির্ভর ভিসা থেকে একেবারেই আলাদা। সাধারণত সম্পত্তি-নির্ভর গোল্ডেন ভিসায় সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি হলে বা মালিকানা পরিবর্তন হলে ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু মনোনয়ন-ভিত্তিক ভিসা একবার পেলে সেটি স্থায়ী হয় এবং ব্যক্তির সঙ্গে তার পরিবারকেও আনা সম্ভব।

 

golden visa 2-Dhaka Prokah News-07-07-2025.jpg
ছবি: সংগৃহীত

এছাড়া, এই ভিসার আওতায় থাকা ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাতে যেকোনো ব্যবসা, পেশাদার কাজ করতে পারবেন, এমনকি তারা গৃহকর্মী ও ব্যক্তিগত গাড়িচালকও রাখতে পারবেন। এটি শুধু একজন প্রবাসীর নয়, বরং পুরো পরিবারের জন্য উন্নত জীবনযাপনের এক অপার সম্ভাবনা সৃষ্টি করবে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী তিন মাসের মধ্যেই প্রায় ৫ হাজার ভারতীয় নাগরিক এই নতুন প্রক্রিয়ায় গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত রয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রেও এমন বিপুল আগ্রহের সম্ভাবনা রয়েছে।