সারাদেশ

শিক্ষার্থী আবু সাঈদকে গুলি: ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:৪৩ এএম

শিক্ষার্থী আবু সাঈদকে গুলি: ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
নিহত শিক্ষার্থী আবু সাঈদ। ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ জুলাই) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।

সাময়িক বরখাস্তকৃত দুইজন হলেন, এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।

এর আগে, আবু সাঈদের মৃত্যু বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট-পাটকেলের আঘাতে হয়েছে বলে দাবি করে পুলিশ। মামলার এজাহারে এ তথ্য দিয়েছে তারা। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তাতে কোনো পুলিশ সদস্যের দায় পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর এজন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলছে তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মোতাবেক আবু সাঈদের মৃত্যুর সুরতাহাল হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এটা পেলে হয়তো মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলেই পুরা বিষয়টি পরিষ্কার হবে।

গত ১৬ জুলাই পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এর পর থেকেই নতুন মাত্রা পায় কোটাবিরোধী আন্দোলন। সন্ধ্যার পরপরই দুঃখ ও শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি।