সারাদেশ
মেঘনায় মিলল বিশাল আকৃতির বিগহেড, ওজন ২৯ কেজি!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি জালে আটকা পড়ে স্থানীয় জেলে পরিতোষ বর্মনসহ কয়েকজন জেলের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকা থেকে জাল ফেলার কিছুক্ষণ পরই জালে আটকা পড়ে বিশাল এই বিগহেড মাছটি। পরে মাছটি তীরে নিয়ে আসার পর তা দেখতে ভিড় জমে স্থানীয়দের মধ্যে। মাছটির ওজন মাপে ২৯ কেজি পাওয়া যায়।
মাছটি বিক্রি করা হয় স্থানীয় মাছ ব্যাপারী সুমন মিয়ার কাছে। তিনি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল বলেন, “এতো বড় বিগহেড মাছ এই এলাকায় অনেকদিন পর ধরা পড়েছে। এমন বড় মাছ নদীতে ধরা পড়া সত্যিই দুর্লভ ঘটনা।”
উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ধরা পড়ে ২৬ কেজির একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল মেলে ২৫ কেজির একটি বোয়াল মাছ এবং সর্বশেষ ১০ মে মেঘনা থেকেই ধরা পড়ে ১৯ কেজির একটি কাতলা মাছ। একের পর এক বড় আকারের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে আনন্দের পাশাপাশি নদী নির্ভর জীবিকার প্রতি উৎসাহও বাড়ছে।
স্থানীয়রা মনে করছেন, সরকারের সচেতনতা কার্যক্রম এবং নদী রক্ষায় গৃহীত পদক্ষেপগুলোই এখন মাছের প্রাচুর্য ফিরিয়ে আনছে।