সারাদেশ

টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪৩ এএম

টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
গ্রেফতার ৯ ডাকাত। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়িতে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।

পুলিশ সুপার বলেন, গত ৩মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ১০ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম মধুপুর থানায় অভিযোগ দায়ের করে।

এরপর মধুপুর থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি পিকআপ গাড়ি,২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।