সারাদেশ

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২, আহত ১০


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:৩৮ পিএম

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২, আহত ১০
ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন যাত্রী নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে শুক্রবার (২৩ মে) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন ঘাটাইল উপজেলার গুসাইবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম এবং মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের বাসটি মুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।