সারাদেশ

৬ দিনের কলম বিরতির পর পুনরায় সচল বেনাপোল কাস্টমস হাউস


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:৩৮ পিএম

৬ দিনের কলম বিরতির পর পুনরায় সচল বেনাপোল কাস্টমস হাউস
বেনাপোল কাস্টমস হাউস। ছবি: ঢাকাপ্রকাশ

এনবিআরকে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে টানা ৬ দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউসে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বেনাপোল বন্দরে। স্বস্তির নিশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কাস্টমসে এ কলম বিরতির ডাক দেয়।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস হাউজ,বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।পণ্যের পরীক্ষণ ও শুল্কায়নের কাজ শুরু হওয়ায় সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা যাচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কয়েকদিনের কাজ সবাই গুছিয়ে নিচ্ছে আগে ভাগে। ১৪ মে থেকে ২১মে পর্যন্ত টানা ৬দিন কলম বিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা।

গত ১৪ মে বুধবার থেকে কাস্টমসের কলম বিরতি শুরু হয়। প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কলম বিরতি চলে। বাকি দিনগুলো তিনটা পর্যন্ত কলম বিরতি পালিত হয়।এর মধ্যে ১৬মে শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। ২০মে পুরোপুরি কাজ চলে কিন্তু ২১মে পূর্ণদিবস কলম বিরতি পালিত হয়। কলম বিরতিতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।

সাজেদুর বলেন, ৭টি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যে সব পণ্যবাহী ট্রাক গার্মেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল তারা উপায়ন্তর না পেয়ে মালামাল নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। এসব রপ্তানিকারকের পক্ষে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে। ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে সে দেশের ব্যবসায়ীদের কোন রকম আশ্বস্ত করতে পারেনি বলে জানান এপারের রপ্তানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট।

প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চারশ থেকে পাঁচশ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুইশ থেকে আড়াইশ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।