সারাদেশ

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়িসহ ৩ জনের মৃত্যুদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:৩৪ এএম

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়িসহ ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে কলেজছাত্রী সুপ্রিয়া সাহা হত্যা মামলায় শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং একই সঙ্গে অন্য তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা সরকার ও মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া গ্রামের বাসিন্দা মহাদেব রায়। এই তিন আসামি পলাতক। এ মামলায় সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার বেকসুর খালাস পেয়েছেন।

অন্যদিকে, যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন পূর্ব দাশড়া গ্রামের রঞ্জিত সাহা, বিষ্ণু পাল ও রঞ্জিত ঘোষ। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে মানিকগঞ্জের পূর্ব দাশড়া গ্রামের সুকুমার সাহার মেয়ে সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী সুপ্রিয়া সাহার সঙ্গে একই গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের বিয়ে হয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সুপ্রিয়াকে হত্যা করা হয়। পরদিন (২৮ সেপ্টেম্বর) সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা বাদী হয়ে সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকারকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৯ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম ও এপিপি মথুর নাথ সরকার। আসামির পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রহমান ও নজরুল ইসলাম।