সারাদেশ

জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা


প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৪:৩৬ এএম

জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করেছে পুলিশ।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত জাহাঙ্গীর হোসেনরা দুই ভাই। তার বাবা আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন। সেই পক্ষের দুই মেয়ে রয়েছে। কয়েক মাস পূর্বে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যায়। এ সময় আব্দুল কুদ্দুস এবং তার দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, জমি নিয়ে বিরোধে জাহাঙ্গীর হোসনে খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের গ্রেপ্তারেও তৎপরতা চলছে।

এসআইএইচ