খেলা

এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:১৯ এএম

এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা
ছবি: সংগৃহীত

একটি ট্রফির জন্য ৫১ বছরের অপেক্ষা- এ সময়ের মধ্যে প্রজন্ম বদলেছে, বদলেছে ফুটবলের ধরনও। তবে বোলোগনা যেন এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পিছু হটেনি একবারও। অবশেষে সেই অপেক্ষারই অবসান ঘটল রোমের অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে কোপা ইতালিয়া ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বোলোগনা।

বুধবার (১৪ মে) রাতে অনুষ্ঠিত ফাইনালে বোলোগনার জয় মানেই শুধুই একটি শিরোপা জেতা নয়, বরং এটি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ১৯৭৩-৭৪ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল দলটি। এরপর পেরিয়ে গেছে পুরো পাঁচ দশক, ১৮,০০০ দিনেরও বেশি সময়!

প্রথমার্ধ থেকেই খেলায় আধিপত্য ছিল বোলোগনার। বল দখলের দিক থেকে তারা এগিয়ে ছিল এবং একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণকে চাপে রাখে। যদিও গোলের দেখা মেলেনি প্রথম ৪৫ মিনিটে।

তবে দ্বিতীয়ার্ধেই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত এক পাসিং মুভমেন্ট থেকে গোল করেন ড্যানিএল এনদোয়ে। এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে শিরোপার ভাগ্য।

মিলান চেষ্টা করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। আক্রমণে ধারহীনতা, ভুল পাস আর ফিনিশিং দুর্বলতায় হার মানে রোসোনেরিরা।

এই ম্যাচটি মিলানের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিরি আয় এবারের মৌসুমে তাদের পারফরম্যান্স হতাশাজনক। দুই রাউন্ড বাকি থাকতে তারা ৬০ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই ফাইনাল জয় ছিল তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু শিরোপা হাতছাড়া হওয়ায়, সেই স্বপ্নও এখন অনেকটাই ফিকে।

এই জয় বোলোগনার জন্য কেবল একটি ট্রফি জেতা নয়, এটি ছিল আত্মবিশ্বাসের পুনর্জাগরণ, ক্লাব ইতিহাসে নতুন অধ্যায় লেখা। সিরি আ-তে একসময় সাতবারের চ্যাম্পিয়ন হলেও, সাম্প্রতিক দশকগুলোতে তারা রয়ে গেছে মাঝারিমানের দলে। কিন্তু এবার সেই হিসাব পাল্টাতে শুরু করেছে তারা।