খেলা

মাশরাফি-সাকিবকে ফেরাতে মামলার দ্রুত নিষ্পত্তি চান আমিনুল হক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

মাশরাফি-সাকিবকে ফেরাতে মামলার দ্রুত নিষ্পত্তি চান আমিনুল হক
ছবিঃ সংগৃহীত

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তাদের আবার দেশের ক্রিকেটে ফেরানো সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় মিরপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফেরেননি। সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সাকিবের নামে আরও কয়েকটি দুর্নীতির মামলাও হয়েছে। তাদের দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’

এদিকে গত বছরের অক্টোবরে বোর্ড নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর সভাপতি হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। ওই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আগে প্রশ্ন তুলেছিলেন আমিনুল হক।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক বলেন, আইসিসির নিয়ম মেনে বোর্ডের বিষয়ে এগোতে চান তারা। 

তিনি মনে করেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।’