খেলা

বার্সার টানে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

বার্সার টানে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি
ছবিঃ সংগৃহীত

মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। অর্থের চেয়ে বার্সেলোনায় খেলার স্বপ্নকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন পোলিশ এই স্ট্রাইকার বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের এজেন্ট পিনি জহাভি।

পোলিশ সংবাদমাধ্যম স্পোর্টসেফ্রাক্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানডফস্কির এজেন্ট পিনি জহাভি বলেন, দুই মৌসুমের জন্য মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব পেয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। তবে সেই প্রস্তাব গ্রহণ না করে বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

জহাভি বলেন, “রবার্টের সামনে দুই বছরের জন্য মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরোর একটি চুক্তির প্রস্তাব ছিল। কিন্তু তিনি সেটি ফিরিয়ে দেন, কারণ তিনি বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিলেন।”

তিনি জানান, বার্সেলোনা ছাড়ার পরিস্থিতি তৈরি হলে লেভানডফস্কির প্রথম পছন্দ ছিল সৌদি আরব। এর পেছনে শুধু আর্থিক দিক নয়, ভৌগোলিক সুবিধাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

জহাভির ভাষায়, “রিয়াদ ও ওয়ারশর সময়ের পার্থক্য খুব কম। যুক্তরাষ্ট্রের তুলনায় পোল্যান্ড থেকেও অনেক কাছাকাছি। পাশাপাশি আমরা জানতাম, সেখানে আমাদের জন্য বিপুল অর্থ অপেক্ষা করছিল।”

তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। জহাভি জানান, সৌদি আরবের ফুটবল বাজারে নীতিগত পরিবর্তন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে আগের মতো সুযোগ আর ছিল না।

তিনি বলেন, “আমি রবার্টকে বলেছিলাম, পরিস্থিতি বদলে গেছে। আমি সেখানে অনেককে চিনি এবং বাজার সম্পর্কে জানি। এখন বিষয়টি আগের মতো সহজ নয়।”

বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে জহাভি আরও বলেন, ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা লেভানডফস্কিকে দলে রাখতে চাইলেও কোচ হান্সি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকো তাকে নিয়মিত একাদশে খেলার নিশ্চয়তা দিতে পারেননি।

জহাভির দাবি, “লাপোর্তা চেয়েছিলেন রবার্ট থেকে যাক। কিন্তু তিনি কোচদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। ডেকো ও হান্সি ফ্লিকই দল নির্বাচন করেন। তারা নিয়মিত শুরুর একাদশে রাখার নিশ্চয়তা দিতে পারেননি। আর রবার্টের কাছে সেটাই অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল।”