ক্যাম্পাস

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:০১ এএম

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি, এমবিবিএস কোর্সের ছাত্র-ছাত্রীদের আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ঢামেক শিক্ষার্থীরা কলেজ ভবন ও আবাসিক হোস্টেল ঝুঁকিপূর্ণ দাবি করে আন্দোলন করে আসছিলেন। শুক্রবার তারা মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেন।

তাদের প্রধান দাবির মধ্যে ছিল-

১. পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা।

২. নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের বাজেট পাস।

৩. শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দাবি না মানলে নিজেরাই একাডেমিক কার্যক্রম বর্জন করবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে কলেজ বন্ধের ঘোষণা এলো।