ক্যাম্পাস

ডাকসু নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তফশিল ঘোষণা ২৯ জুলাই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

ডাকসু নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তফশিল ঘোষণা ২৯ জুলাই
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, জানিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

রোববার (২০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অংশীজনদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, “২৯ জুলাই তফসিল ঘোষণা করা হবে। এরপর ৪০-৪৫ দিনের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সময়টাকে ধরে আমরা সেপ্টেম্বরে ভোট আয়োজন করতে চাই।”

তবে ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ প্রকাশ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, “সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো নির্দিষ্ট তারিখ নয়। আমরা চাই সুনির্দিষ্ট দিন ঘোষণা করা হোক। অতীতেও প্রশাসন সময়ক্ষেপণ করেছে।”

সভায় জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা এবার ডাকসু ও হল সংসদের ভোটার বা প্রার্থী হতে পারবেন না।

সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি কেন্দ্রে ভোট দেবেন। কার্জন হলের পরীক্ষার কেন্দ্রে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দেবেন রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।