ক্যাম্পাস
একই দিনে বিয়ে করছেন ডাকসুর জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) তাদের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়েই তাদের আকদ সম্পন্ন হওয়ার পরিকল্পনা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার কারণে সেই আয়োজন স্থগিত করা হয়।
ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের একাধিক নেতা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কনেদের পরিচয় বা পারিবারিক বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ডাকসুর এক নেতা জানান, জিএস এসএম ফরহাদের আকদ অনুষ্ঠান আগামীকাল সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। তবে এজিএস মহিউদ্দীন খানের বিয়ের বিষয়টি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পরে বিষয়টি নিশ্চিত হয়।
অন্যদিকে, কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতা বলেন, “আগামীকালই এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।”
এ বিষয়ে আরও ইঙ্গিত পাওয়া যায় ডাকসুর সদস্য রায়হান উদ্দীনের ফেসবুক পোস্টে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।”
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বও পালন করছেন।
শিক্ষাজীবনের দিক থেকে এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মহিউদ্দীন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।