ক্যাম্পাস
শেখ পরিবারের নামে থাকা ঢাবির ৫ ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। নিয়ম অনুযায়ী বিষয়টি এখন সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট সভায় আলোচনা ও অনুমোদনের পর নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।
যেসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এগুলো হলো—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সিনেট সভায় বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই ভবনগুলোর নতুন নাম নির্ধারণ করা হতে পারে।