ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সাভারের ইসলামনগর এলাকায় শারমিন নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
রবিবার (১৫ মার্চ) এই ঘটনা ঘটে। শারমিন লোক প্রশাসন ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
ঘটনার পর তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
শারমিনের স্বামীর ভাষ্য অনুযায়ী, তিনি বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফেরার সময় দেখেন দরজাটি বাইরে থেকে বন্ধ। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি শারমিনের মাথায় আঘাতপ্রাপ্ত এবং রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সেই সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।
পরিবার ও বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে দ্রুত এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে। পরবর্তীতে মামলা অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।