ক্যাম্পাস
জাবির নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে আটক ১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি ভবনের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করে গোপনে ভিডিও ধারণের অভিযোগে রিয়াজ আহমেদ (রাজ) নামে এক বহিরাগতকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াজ আহমেদের বাড়ি কেরানীগঞ্জে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযোগ ও ভুক্তভোগীর সহপাঠীদের তথ্য অনুযায়ী, রিয়াজ নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করলে এক শিক্ষার্থী তাকে সেখানে দেখে পরিচয় ও প্রবেশের কারণ জানতে চান। কিন্তু তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্যদের বিষয়টি জানান।
পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। এ সময় ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। মোবাইলে পূর্বে ধারণ করা আরও কয়েকটি নারীর ভিডিওও পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। মামলার পর তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।