রাজধানী
কারবালার শোক স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার (৬ জুলাই) রাজধানীজুড়ে শিয়া সম্প্রদায়ের আয়োজনে পালিত হচ্ছে তাজিয়া মিছিল। ঐতিহাসিক হোসেনি দালান থেকে সকালে শুরু হওয়া এই শোকমিছিল ঘুরে বেড়াচ্ছে পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ সড়ক।
সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় সবচেয়ে বড় মিছিলটি। আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। পুরো পথজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশ ছিলেন কালো পোশাকে, যা শোকের প্রতীক। অনেকের কাঁধে ছিল নিশান, হাতে প্রতীকী ছুরি, আলম, দুলদুল ঘোড়ার প্রতিকৃতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী প্রতীক। কারবালার শহিদদের স্মরণে শোক ও শ্রদ্ধার আবহে মুখর ছিল গোটা পরিবেশ।
হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, "এই ঐতিহ্যবাহী মিছিল কয়েক শতাব্দী ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি শুধু শোক প্রকাশ নয়, বরং কারবালার করুণ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উপায়।"
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে মিছিল ঘিরে কিছু নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, দা, ছুরি, বর্শা, বল্লম, লাঠি বহন এবং পটকা বা আতশবাজি ফোটানো নিষিদ্ধ।
উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তার পরিবার শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসে এ ঘটনা অশেষ বেদনার এবং আত্মত্যাগের প্রতীক। এই মহামূল্যবান আত্মত্যাগ স্মরণে শিয়া সম্প্রদায় প্রতিবছর তাজিয়া মিছিলের মাধ্যমে আশুরা পালন করে থাকেন।