রাজধানী

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাজধানী থেকে গ্রেপ্তার ৫


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাজধানী থেকে গ্রেপ্তার ৫
ছবি: ঢাকাপ্রকাশ

রাজধানীর মতিঝিল এলাকায় র‍্যাবের ছদ্মবেশে ৫০ লাখ টাকা ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে র‍্যাব লেখা জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম তাদের গ্রেপ্তার করে। এ সময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) এবং পরেশ অধিকারী (৩৫)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডাকাত দলের এই সদস্যরা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করতো। এরপর তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের টাকা ছিনিয়ে নিত।”

তিনি আরও জানান, “মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় ডাকাতির প্রস্তুতির তথ্য পেয়ে আমাদের দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য এবং রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।