রাজধানী

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান হোসেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিট দুটি পাঠানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। প্রাথমিকভাবে এটি নাশকতা বলেই ধারণা করা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বাসে আগুন দেওয়ার পেছনে দায়ীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।